
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি শহরের কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, জেলা ছাত্রদল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজন হাসান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল হ্যাভেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করতেই একটি চক্র পরিকল্পিতভাবে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টি করছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। ভিন্নমত দমন ও কণ্ঠরোধের উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে।
বক্তারা এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় বক্তারা আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672