
রাইসুল ইসলাম রিফাত, নকলা প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার এক সাধারণ পরিবারের নারী লাভলী আক্তার আজ আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কঠিন বাস্তবতা, সামাজিক অবহেলা ও অর্থনৈতিক সংকটের মাঝেও তিনি প্রমাণ করেছেন; একজন নারী চাইলে সংসারের হাল ধরতে পারেন, পরিবারকে স্বাবলম্বী করতে পারেন এবং সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন।
লাভলী আক্তারের জীবন শুরু থেকেই সহজ ছিল না। মাত্র দুই বছর বয়সে তার পায়ে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। চারপাশের মানুষের মুখে তখন নানান কটূক্তি;কেউ কেউ বলেছিল, এই মেয়ে বেঁচে থাকলে মরা গাছে ফুল ফুটবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই অসুস্থতা কেটে যায়। ছোট্ট বয়সেই জীবনের সঙ্গে লড়াই জিতে নেয়া সেই মেয়েটিই পরবর্তীতে হয়ে ওঠেন সংগ্রামের প্রতীক।
শিক্ষাজীবনে লাভলী আক্তার ছিলেন মনোযোগী ও আগ্রহী। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরে বিএসএস এ ভর্তি হলেও পারিবারিক দুর্দশা আবার সামনে এসে দাঁড়ায়। পিতা আব্দুল সাত্তার স্ট্রোকে আক্রান্ত হলে পরিবার বাধ্য হয়ে তাকে বিয়ে দেয়। তার স্বামী নূর নবীর সঙ্গে নতুন সংসারে পা রেখেই তিনি বাস্তবতার কঠিন চেহারা দেখতে পান।
স্বামীর একটি ছোট জুতার দোকান ছিল, কিন্তু ব্যবসা তেমন ভালো চলছিল না। এরই মধ্যে সন্তান জন্ম নেয়, সংসারের খরচ বাড়ে, দুশ্চিন্তাও বাড়তে থাকে। সেই সময় অনেকেই ভেঙে পড়লেও লাভলী আক্তার হাল ছাড়েননি। তিনি বুঝেছিলেন, এই সংসারকে টিকিয়ে রাখতে হলে কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে;আর সেই দায়িত্ব তিনিই নিলেন।
প্রথমে টিউশনি করে সংসারে সহায়তা করার চেষ্টা করেন। পরে সেই পথ বন্ধ হয়ে গেলে নতুন করে ভাবতে শুরু করেন। হাতে থাকা সামান্য পুঁজি ;মাত্র এক কেজি ময়দা আর এক কেজি ডাল দিয়ে ইফতারি তৈরি করে বিক্রি শুরু করেন। রাস্তার পাশে ছোট একটি টেবিলে পান ও সিগারেট বিক্রি করেও সংসার চালানোর চেষ্টা করেন। অবহেলার চোখ, কষ্ট আর ক্লান্তি সঙ্গী হলেও তার মনোবল কখনো ভাঙেনি।
ধীরে ধীরে তার তৈরি ঘরোয়া খাবার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে। সেই সাড়ার ভিত্তিতেই তিনি শুরু করেন হোটেল ব্যবসা। নকলা মধ্য বাজারে ‘আপ্যায়ন ঘর’ নামে তার হোটেলটি আজ একটি পরিচিত নাম। সততা, পরিশ্রম ও মানসম্মত ঘরোয়া রান্নার কারণে অল্প সময়েই এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
আজ লাভলী আক্তারের পরিবার স্বাবলম্বী। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এক সময়ের অনিশ্চিত সংসার আজ স্থিতিশীল ও সম্মানজনক জীবনে পরিণত হয়েছে। শুধু নিজের পরিবার নয়, আশপাশের অনেক নারীর কাছেও তিনি হয়ে উঠেছেন সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক।
এই অনন্য সংগ্রাম ও সফলতার স্বীকৃতি হিসেবে লাভলী আক্তার নকলা উপজেলা ও শেরপুর জেলা পর্যায়ে অর্থনৈতিক স্বাবলম্বী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন। ২০২৫ সালের রোকেয়া দিবসে জেলা পর্যায়ের সেরা জয়ীতা হিসেবে তার নাম ঘোষিত হয়। বর্তমানে তিনি বিভাগীয় পর্যায়ের জন্য মনোনীত হয়েছেন।
লাভলী আক্তারের জীবনকাহিনি স্পষ্টভাবে বলে দেয়;একজন নারী চাইলে সংসারের হাল ধরতে পারেন, অভাবকে পরাজিত করতে পারেন এবং নিজের শ্রম ও সাহস দিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারেন। তার গল্প শুধু একটি ব্যক্তিগত সাফল্যের নয়, বরং সমাজের প্রতিটি নারীর জন্য একটি শক্ত বার্তা;সংগ্রামই একদিন সাফল্যের পথ খুলে দেয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672