
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে মালদ্বীপে ভালো চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী যুবক রুহুল আমিন (২১) এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুশারিয়া গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে রুহুল আমিনকে মালদ্বীপ পাঠানোর প্রস্তাব দেন প্রতিবেশী মোঃ হাসু (৫৫)। তার মাধ্যমেই পরিচয় হয় ধলাপাড়া বাজারের ‘ঢাকা ট্রাভেলর্স এন্ড কম্পিউটার’ এর মালিক মোঃ বিল্লাল হোসেন এবং দালাল চক্রের সদস্য মোঃ ফয়েজ উদ্দিন ও পারভীন আক্তারের সাথে।
গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে বিবাদীরা মালদ্বীপের ভালো কোম্পানিতে কাজের প্রতিশ্রুতি দিয়ে রুহুল আমিনের কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ২ ডিসেম্বর তাকে মালদ্বীপ পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর রুহুল আমিন জানতে পারেন, তাকে কোনো কোম্পানির ভিসায় নয়, বরং ‘সাপ্লাই’ হিসেবে অন্যত্রে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে কোনো কাজ বা নিরাপত্তা না থাকায় গত ৯ ডিসেম্বর আরও ৪৫ হাজার টাকা খরচ করে বাধ্য হয়ে দেশে ফিরে আসেন তিনি।
দেশে ফেরার পর ১০ ডিসেম্বর বিকেলে রুহুল আমিন ধলাপাড়া বাজারে বিবাদীদের অফিসে গিয়ে টাকা ফেরত চাইলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, "বিবাদীরা আমার সরলতার সুযোগ নিয়ে বিদেশে পাঠানোর নামে টাকাগুলো আত্মসাৎ করেছে। আমি এখন নিঃস্ব। আমি এর সঠিক বিচার ও আমার টাকা ফেরত চাই।"
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672