
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরগুনা জেলা বিএনপি। এ কর্মসূচিতে অংশ নিতে জেলা থেকে অন্তত ৫০টি বাস ও একটি লঞ্চে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের কমপক্ষে ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন। তার এই আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে সারা দেশের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক আজ ২৪ ডিসেম্বর ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এর মধ্যে বরগুনা-১ আসনের (বরগুনা সদর, আমতলী ও তালতলী) উপজেলা থেকে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। পাশাপাশি বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) উপজেলা থেকেও অন্তত আরও ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাবেন।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন হাসান শাহীন বলেন, সারা দেশের মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক তারেক রহমান। তার প্রতি বরগুনার মানুষের আবেগ ও ভালোবাসার কারণে অনেকেই ইতোমধ্যেই ঢাকায় গিয়েছেন, আজকেও লঞ্চ সহ বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে ঢাকায় যাওয়ার জন্য যত মানুষের আগ্রহ রয়েছে, সে তুলনায় আমরা পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করতে পারিনি। আমাদের আশা ছিল, সদর উপজেলা থেকেই অন্তত ২০ হাজার মানুষকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা। কিন্তু এখন পর্যন্ত একটি লঞ্চের ব্যবস্থা করা গেছে এবং প্রত্যেক উপজেলা থেকেই আজ বাস যাবে। এছাড়াও আমতলী উপজেলার অনেকেই পটুয়াখালী থেকে লঞ্চে ও বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, নিঃসন্দেহে তারেক রহমানের দেশে আসার এই কর্মসূচি স্মরণকালের শ্রেষ্ঠ কর্মসূচি হবে। এই কর্মসূচিতে সারা দেশের মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করবে যে, দেশের সাধারণ মানুষ বিএনপির সঙ্গে আছে এবং থাকবে। তারেক রহমানকে স্বাগত জানাতে ইতোমধ্যেই বরগুনা থেকে অনেকেই বিভিন্ন মাধ্যমে ঢাকায় চলে গেছেন।আশা করছি, বরগুনা-১ আসন থেকে কমপক্ষে ৩০ হাজার মানুষ ঢাকায় যাবেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেন, বরগুনা থেকে ইতোমধ্যেই নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। অনেকে আবার মোটরসাইকেল যোগেও রওনা হয়েছেন বলে শুনেছি। বরগুনা-২ আসনের তিনটি উপজেলা থেকে অন্তত ৩০টি বাসে নেতাকর্মীসহ বিএনপির সমর্থকরা ঢাকায় যাচ্ছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672