
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক যেন রাত নামলেই পরিণত হচ্ছে ডাকাতদের অভয়ারণ্যে। বিশেষ করে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে একের পর এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন যাত্রী ও চালকরা। প্রশাসনের নাকের ডগায় গত এক মাসে সংঘটিত হয়েছে ২০টিরও বেশি ডাকাতি, অথচ থানায় মামলা হয়েছে মাত্র একটি যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
প্রবাসীদের গাড়িই প্রধান টার্গেট
ডাকাত দলের প্রধান নিশানায় রয়েছে প্রবাসীদের বহনকারী গাড়ি, দামি প্রাইভেট কার এবং নতুন মোটরসাইকেল। অপরিচিত যাত্রীদেরও ছাড় দিচ্ছে না তারা। ফলে রাতে এই মহাসড়কে চলাচল এখন ভয়ংকর ঝুঁকিতে পরিণত হয়েছে।
মধ্যরাতেই তাণ্ডব
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোগরাপাড়া চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে রাত বারোটার পর চলন্ত যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুটে নিচ্ছে সংঘবদ্ধ ডাকাতচক্র। কয়েক মিনিটের মধ্যেই তারা সটকে পড়ছে অন্ধকারে।
মামলা নেই, জানে না পুলিশ!
থানা পুলিশের তথ্যমতে, গত তিন দিনে মহাসড়কের কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। তবে বাস্তবতা ভিন্ন। বিগত ডিসেম্বর মাসে এক কুড়ির বেশি ডাকাতির ঘটনা ঘটলেও থানায় মামলা হয়েছে মাত্র একটি। পুলিশ স্বীকার করেছে, অধিকাংশ ভুক্তভোগী মামলা করতে না আসায় তারা অনেক ঘটনার খবরই জানতে পারছে না।
পুলিশ জানায়,
মামলা না হলে আমাদের পক্ষে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টের ভিত্তিতে কিছু ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে দাবি পুলিশের।
১৩ জন গ্রেফতার, কিন্তু আতঙ্ক কাটেনি।
পুলিশের ভাষ্যমতে, গত এক মাসে ডাকাতির অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে টহল জোরদার করেছে বলেও জানানো হয়েছে। কিন্তু বাস্তবে ডাকাতি কমার কোনো লক্ষণ নেই।
পুলিশের বক্তব্য
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন,
আমি দায়িত্ব নেওয়ার পর মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৩ জনকে আদালতে প্রেরণ করেছি। রাতের বেলায় আমাদের টহল জোরদার রয়েছে। আশা করছি বাকিদেরও দ্রুত গ্রেফতার করতে পারবো।
তিনি আরও বলেন,
একই আসামি বারবার জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকাবাসী ও সচেতন মহলের সহযোগিতা পেলে মহাসড়কে ডাকাতির ঘটনা আর থাকবে না।
প্রশ্ন থেকেই যায়
ডাকাতির সংখ্যা বেশি, মামলা কম এই বৈপরীত্য কেন?
ভুক্তভোগীরা কেন থানায় যেতে ভয় পান?
টহল জোরদার হলেও কেন থামছে না ডাকাতি?
ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। অথচ সেই মহাসড়ক আজ রাতে পরিণত হয়েছে আতঙ্কের নাম। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই ভয়াবহ পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এমন আশঙ্কাই করছেন সাধারণ মানুষ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672