
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট বাজার শাখার সাধারণ সম্পাদক খাজা গিয়াস উদ্দিন মাহমুদের বিরুদ্ধে একটি মাদ্রাসা দখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মাদ্রাসার শেয়ারহোল্ডার মো. ওয়াহিদ হোসেন রকি সোমবার সন্ধ্যায় খাজা গিয়াস উদ্দিনকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে উপজেলার বসুরহাট বাজারের হাইস্কুল রোডে শরিয়ত উল্যাহর মালিকানাধীন একটি ভবনে ৯ জন অংশীদার মিলে ‘বসুরহাট দারুননাজাত মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন। বিদায়ী চুক্তিনামায় বয়সে সিনিয়র হওয়ায় খাজা গিয়াস উদ্দিন মাহমুদের নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে তিনি মাত্র ২৫ হাজার টাকা প্রদান করেন। বাকি অর্থ পরিশোধের জন্য তাগিদ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, শেয়ারহোল্ডারদের অবগত না করে এবং কোনো রেজুলেশন ছাড়াই গোপনে খাজা গিয়াস উদ্দিন মাদ্রাসার ট্রেড লাইসেন্স নিজের নামে করেন। পাশাপাশি তিনি শেয়ারহোল্ডারদের অজান্তে ১ লাখ ৫ হাজার টাকা অন্য একটি হিসাবে স্থানান্তর করেন। পরে নিজেকে মাদ্রাসার চেয়ারম্যান দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিতে থাকেন এবং মাদ্রাসার ট্রেড লাইসেন্স ও চুক্তিপত্র নিজের নামে বলে প্রচার করেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে খাজা গিয়াস উদ্দিন অভিযোগকারীসহ অন্যান্য শেয়ারহোল্ডারদের অপমান ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে শেয়ারহোল্ডারদের মারধর করে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় থানায় অভিযোগ করতে বাধ্য হন বলে জানান অভিযোগকারী।
ঘটনাটি তদন্তে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম ও ওসি (তদন্ত) বিমল কর্মকার মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলেন, “মাদ্রাসাটি ৯ জনের মালিকানাধীন। চেয়ারম্যান পদকে কেন্দ্র করে খাজা গিয়াস উদ্দিন ও অধ্যক্ষ আবদুল্লাহ আল নোমানের মধ্যে দ্বন্দ্বের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাই বিষয়টি ইউএনও বরাবর উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাজা গিয়াস উদ্দিন মাহমুদ মাদ্রাসা দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, “জামায়াতের উচ্চপর্যায়ের নেতাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে মাদ্রাসার মূল্য ১৪ লাখ টাকা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের কাছে চেক প্রদান করেছি। কিন্তু তারা সেই সিদ্ধান্ত মানেনি।”
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা ১৪ লাখ টাকার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছি এবং বিষয়টি জামায়াতের উচ্চপর্যায়ের নেতাদেরও জানিয়েছি। এরপরও খাজা গিয়াস উদ্দিন মাদ্রাসা দখলের চেষ্টা চালাচ্ছেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলাম, তিনি উপস্থিত না থাকায় সাক্ষাৎ করা সম্ভব হয়নি। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করব।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672