
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামে নেশার টাকা না পেয়ে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি পূর্বপাড়া এলাকায়।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতি পূর্বপাড়ার মৃত তাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম দুলাল মিয়া (৩৭), পেশায় রাজমিস্ত্রি। তিনি একই ওয়ার্ডের পূর্ণমতি গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল বারেকের দ্বিতীয় ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে—রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)।
পুলিশ ও পারিবারিক অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে দুলাল মিয়া নেশার জন্য স্ত্রী লিজা আক্তারের কাছে টাকা দাবি করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সন্তানদের সামনেই লিজা আক্তারের ওপর মারধরসহ ভয়াবহ নির্যাতন চালান। একপর্যায়ে লিজা আক্তার গুরুতর আহত হলে দুলাল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। জানাজা শেষে দরিয়ারপাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের মা খুকি বেগম বাদী হয়ে বুড়িচং থানায় অভিযুক্ত স্বামী দুলাল মিয়া ও তার শ্বশুরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্বজনরা জানান, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন এবং পারিবারিক কলহ লেগেই থাকত।
নিহতের মা খুকি বেগম, নানা জমির উদ্দিন, বোন রহিমা আক্তার, বিনা আক্তার, রিনা আক্তার ও বোন জামাই আশিকুর রহমানসহ এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672