
কুড়িগ্রাম প্রতিনিধি|
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুম দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি একাধিক প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন এবং পরে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধভাবে নিয়োগ কার্যকর করেন।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এসব অভিযোগ প্রকাশ্যে আসে। মানববন্ধনে বক্তারা দাবি করেন, বিষয়টি শুধু প্রশাসনিক অনিয়ম নয়—এটি সরাসরি দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪৬৬ ও ৪৬৮ ধারায় জালিয়াতি, এবং ৪৭১ ধারায় জাল কাগজ ব্যবহার করে আর্থিক সুবিধা গ্রহণের শামিল।
নিয়োগ বাণিজ্যের কাঠামোগত অনিয়মঃ
অনুসন্ধানে জানা গেছে, মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর কাছ থেকে অর্থ নেওয়া হয়। অথচ ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত প্রার্থী মো. আব্দুল আউয়ালকে গোপনে রেজুলেশন থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে তার অজান্তেই অন্য একজনকে নিয়োগ দেখিয়ে কাগজে-কলমে বেতন উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
মানববন্ধনে অংশ নেওয়া ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ শেখ বলেন,“কমিটির সিদ্ধান্ত জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। রেজুলেশন ও স্বাক্ষর জাল করে নিয়োগ দেখানো হয়েছে—এটি পরিষ্কার অপরাধ।”
নিম্নপদেও অর্থ লেনদেনের অভিযোগঃ
স্থানীয়দের অভিযোগ, শুধু লাইব্রেরিয়ান পদ নয়—আয়া ও ঝাড়ুদার পদেও চাকরির প্রলোভন দেখিয়ে সুপার মো. শফিকুল ইসলাম একাধিক প্রার্থীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন। ভুক্তভোগী পরিবারের সদস্য মাহাতাব মন্ডল বলেন,“চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে, কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। পরে জানতে পারি, অন্য একজনের নামে কাগজপত্র তৈরি করে বেতন তোলা হচ্ছে।”
আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সুপারের বিরুদ্ধে—বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৪২০ ধারা (প্রতারণা)।
৪৬৬/৪৬৮ ধারা (জাল দলিল প্রস্তুত ও ব্যবহার)৪৭১ ধারা (জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার)এবং দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের মামলা হতে পারে।
দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও প্রশাসনিক তদারকির অভাবে ব্যবস্থা না নেওয়ায় এলাকায় চরম ক্ষোভ তৈরি হয়েছে বলে জানান বক্তারা। তারা অবিলম্বে সুপার মো. শফিকুল ইসলামের অপসারণ, সব অবৈধ নিয়োগ বাতিল, আত্মসাৎ করা অর্থ ফেরত এবং মাদ্রাসা ও শিক্ষা প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসী হুঁশিয়ারি দেন, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা জেলা প্রশাসন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশনের কাছে লিখিত অভিযোগ দাখিলসহ বৃহত্তর আন্দোলনে যাবেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672