
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেবরের দা’র কোপে ভাবি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভরিপাশা গ্রামের বাসিন্দা রুহুল আমীন মৃধার সঙ্গে তার ছোট ভাই ওবায়দুর রহমানের বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বাড়ির একটি মেহগনি গাছের ডাল কাটতে যান ওবায়দুর রহমান। এ সময় রুহুল আমীনের স্ত্রী আকলিমা বেগম (৫০) বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ওবায়দুর রহমানের হাতে থাকা দা দিয়ে আকলিমা বেগমের মাথায় কোপ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত আহত আকলিমা বেগমকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, “আমি গাছ কাটতে গেলে আমার বড় ভাইয়ের স্ত্রী বাধা দেন। এ নিয়ে হাতাহাতি হয়। আমার হাতে দা ছিল, কিন্তু আমি তাকে কোপ দেইনি। বরং তারা আমার ছেলে ও আমাকে মারধর করেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি।”
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত নারীর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “আমি বর্তমানে পটুয়াখালীতে অবস্থান করছি। বিষয়টি বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672