
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
পল্লীকবি জসীম উদ্দিন নদীকে রূপক আর মমতায় বর্ণনা করেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে।
আজ সেই নদী আর নদী নেই, পরিণত হয়েছে শিল্পবর্জ্যের নোংরা নালায়।
সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক মারীখালি নদী একসময় ছিল স্বচ্ছ পানির আধার। বৈশাখে হাঁটু জল থাকলেও সেই পানিতে ছিল প্রাণ, ছিল জীবন। গরু পার হতো মানুষ নির্বিঘ্নে গোসল করত। নদীতে ছিল মাছ, শামুক, ব্যাঙ আর জলজ উদ্ভিদের সমাহার।
আজ সেই দৃশ্য শুধুই স্মৃতি।
বর্তমানে মারীখালি নদীর পানি কালচে, দুর্গন্ধযুক্ত ও বিষাক্ত। নদীতে নামা তো দূরের কথা পাড়ে দাঁড়ানোই দায়। স্থানীয়দের অভিযোগ, আশপাশের অসংখ্য কলকারখানা দিনের পর দিন কোনো প্রকার পরিশোধন ছাড়াই সরাসরি রাসায়নিক বর্জ্য নদীতে ফেলছে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পানি ও জীববৈচিত্র্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীতে এখন আর কোনো মাছ দেখা যায় না। পানিতে হাত দিলেই চুলকানি, ত্বকের জ্বালা ও সংক্রমণ দেখা দেয়। শিশু ও বৃদ্ধদের জন্য এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। কৃষিজমিতে এই দূষিত পানি ব্যবহারের ফলে ফসলেও প্রভাব পড়ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা নদী হত্যাকারীদের আরও বেপরোয়া করে তুলেছে। আইন আছে, নীতিমালা আছে কিন্তু প্রয়োগ নেই।
এক সময় যে নদী ছিল গ্রামীণ জীবনের প্রাণকেন্দ্র, আজ তা শিল্পপতির মুনাফার বলি। পল্লীকবির স্বপ্নের নদী আজ অতীতের ধ্বংসস্তূপে পরিণত।
প্রশ্ন উঠছে- আর কত নদী এভাবে মরলে কর্তৃপক্ষের টনক নড়বে? মারীখালি কি শুধু কবিতায়ই বেঁচে থাকবে, বাস্তবে নয়?
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672