
আনির রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে দেশীয় অস্ত্রের ব্যাপক ব্যবহার, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও, ছোট কোরবানপুর ও পাঁচানি গ্রামে ছড়িয়ে থাকা দুই পক্ষের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা-পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের পাঁচানি গ্রামের আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম হামিদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। পূর্ববিরোধের জের ধরেই এ সহিংস সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দা, বঁটি, টেঁটা, বল্লম, লোহার রড ও ইটপাটকেল ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচানি গ্রামের টেঁটাবিদ্ধ বাসিন্দা বজলু মিয়া অভিযোগ করে বলেন, মনির হোসেন ও রাসেল মিয়া তাদের অনুসারীদের দিয়ে এলাকায় মাদক কারবার ও ডাকাতি চালিয়ে আসছেন। এসবের প্রতিবাদ করায় বুধবার দুপুরে তিন শতাধিক লোক নিয়ে তারা পাঁচানি গ্রামে হামলা চালায়। এ সময় বাড়িঘর ও দোকানপাটে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রাণ বাঁচাতে অনেকে মসজিদের ছাদে আশ্রয় নিলে সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। মসজিদের কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে ছোট কোরবানপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হামিদুল ইসলাম হামিদ এলাকায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন। মামলা ও হামলার মাধ্যমে তাদের এলাকাছাড়া করা হয় এবং একাধিকবার বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। বুধবার সকালে নদীতে যাওয়ার সময় হামিদ মিয়ার লোকজন তাদের কয়েকজনকে মারধর করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা সফল হয়নি। সংঘর্ষের পর এলাকায় গিয়ে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের চিহ্ন দেখা গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনী সরে গেলেই পুনরায় হামলার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672