
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
ধোপাঘাটা বাজারে ‘কট’ আতঙ্ক: কয়েক মাসে প্রাণ গেল অন্তত ৮–১০ জনের।
রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা বাজার ও আশপাশের এলাকা এখন যেন নেশাজাতীয় মাদক অ্যালকোহল (স্থানীয়ভাবে পরিচিত ‘কট’)–এর ভয়ংকর অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রকাশ্যে ও নির্বিঘ্নে চলা এই মরননাশক মাদক সেবনের ফলে একের পর এক মৃত্যুর ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (রাত) অতিরিক্ত ‘কট’ সেবনের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে গত কয়েক মাসে ধোপাঘাটা বাজার ও এর আশপাশের এলাকায় অন্তত ৮ থেকে ১০ জন মাদকসেবীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে স্পষ্ট করে তুলছে।
অতিরিক্ত কট সেবনে অসুস্থ হয়ে পড়ে চারজন। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর ধোপাঘাটা বাজার এলাকায় নেশাজাতীয় মাদক ‘কট’ অতিরিক্ত সেবনের ফলে চারজন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-
ধোপাঘাটা গ্রামের মাদকসেবী পিন্টু (৫৫), মৌপাড়া গ্রামের মৃত নাজিবুর রহমানের ছেলে শাহিন আলম (৪৬), পার্শ্ববর্তী পবা উপজেলার মাধায়পাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হবি।
এ ঘটনায় আরও একজন অসুস্থ হন ধোপাঘাটা গ্রামের মুক্তার হোসেনের ছেলে বুলবুল হোসেন (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, বুলবুল পেশাদার ‘কট’ ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বর্তমান অবস্থার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আগেও একসাথে মৃত্যুর ঘটনা
স্থানীয়রা জানান, এর আগেও ধোপাঘাটা বাজার এলাকায় অতিরিক্ত মাদক সেবনে একসাথে চারজনের মৃত্যু হয়েছিল। এছাড়া পার্শ্ববর্তী বাগমারা উপজেলার কুমানিতলা গ্রামে একজন এবং বুধবার সকালে জাহানাবাদ ইউনিয়নের নোনাভিটা গ্রামের একটি পুকুর থেকে লালু নামের এক মাদকসেবীর লাশ উদ্ধার করা হয়
বারবার এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটলেও মাদক ব্যবসা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
পুলিশের বক্তব্য
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “ধোপাঘাটায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল রিপোর্টে হার্ট ফেইলিউরকে মৃত্যুর কারণ উল্লেখ করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ কারণে এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।”
অন্যদিকে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আখতার জানান, “এর আগেও ওই এলাকায় একসাথে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এবার আবার তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিবারের সদস্যরা সঠিক তথ্য দিচ্ছেন না। ঘটনার প্রকৃত কারণ জানতে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবো।”
প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে
বারবার মৃত্যুর ঘটনা, প্রকাশ্যে মাদক বিক্রি এবং একই এলাকায় ধারাবাহিক প্রাণহানির পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি—অবিলম্বে ধোপাঘাটা বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এই মরননাশক ‘কট’ ব্যবসা সম্পূর্ণ বন্ধ করতে হবে, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672