
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত-পাখা প্রতীকের প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ।
শনিবার (তারিখ ৩১ জানুয়ারি ) সকাল ১১টা ৩০ মিনিটে সোনারগাঁও পৌরসভার পানাম এলাকায় অবস্থিত আউয়াল ভিলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে মিডিয়া সেল নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ)।
মতবিনিময় সভায় গোলাম মসীহ বলেন, এই এলাকার সবচেয়ে বড় শত্রু হলো কিশোর গ্যাং, মাদক সিন্ডিকেট, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তা। আমি নির্বাচিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো আপস নয়, সরাসরি অ্যাকশন হবে।
তিনি আরও বলেন, তিনি নিজে কখনো দুর্নীতিতে জড়াবেন না এবং কোনো নেতা, কর্মী বা কর্মকর্তা যেই হোক না কেন দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ন্যূনতম ৫০ সদস্যের কমিউনিটি সিকিউরিটি ফোর্স গঠন, মোটরবাইক হাইওয়ে প্যাট্রোল চালু, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বর্তমানের তুলনায় তিনগুণ স্ট্রিট লাইট বসানোর ঘোষণা দেন তিনি। পাশাপাশি বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ বাজারগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনার কথাও জানান।
মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীরা সমাজের ক্যান্সার। এদের নির্মূল করতেই হবে।
এ লক্ষ্যে তিনি দুইটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।
সরকারি দপ্তরে দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরাসরি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
নারী ও শিশু নিরাপত্তা বিষয়ে গোলাম মসীহ বলেন, দুই থানায় নারী ও শিশু সুরক্ষা ডেস্ক চালু করা হবে। বড় স্কুল ও কলেজে নারী কমিউনিটি পুলিশ নিয়োগ, বাজার ও বাসস্ট্যান্ডে আলাদা টয়লেট ও অ্যাম্বুলেন্স সেবা কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি বলেন, ইভটিজিং করলে কাউকে ক্ষমা করা হবে না।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের বিষয়ে তিনি যোগ্য শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং দেশি-বিদেশি চাকরির জন্য রিক্রুটমেন্ট ডেস্ক চালুর প্রতিশ্রুতি দেন।
স্বাস্থ্যখাতে সোনারগাঁও মেডিকেল সেন্টারের পূর্ণাঙ্গ উন্নয়ন, সিদ্ধিরগঞ্জে নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রি ও ডিসকাউন্ট মেডিকেল কার্ড এবং স্বল্পমূল্যের ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কথাও জানান তিনি।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা হবে এবং ন্যূনতম ৩০ শতাংশ স্থানীয় লোক নিয়োগ বাধ্যতামূলক করা হবে। মেঘনা ও শীতলক্ষ্যা নদী এবং চট্টগ্রাম মহাসড়ককে কেন্দ্র করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান।
তিনি আরও দাবি করেন, নুনেরটেক দ্বীপকে আন্তর্জাতিক মানের রিসোর্ট, গলফ ক্লাব, থিম পার্ক ও ওয়াটার স্পোর্টস হাবে রূপান্তর করা হলে প্রায় দুই লাখ যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।
প্রবাসীদের জন্য প্রতিটি থানায় প্রবাসী সহায়তা ডেস্ক চালু, হয়রানি প্রতিরোধ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সফট লোনে গৃহনির্মাণ সুবিধার কথাও উল্লেখ করেন তিনি।
পরিবেশ সুরক্ষায় মেঘনা ও শীতলক্ষ্যা নদীসহ সব জলাশয়ের দূষণ বন্ধ এবং সব কারখানায় ইটিপি (ETP) বাধ্যতামূলক বাস্তবায়নের ঘোষণা দেন গোলাম মসীহ।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় ও অবাঙালি শ্রমিকসহ সবাই সমান নিরাপত্তা ও মর্যাদা পাবে। আদমজী এলাকার শ্রমিকদের শোষণ ও চাঁদাবাজি বন্ধ করতেই হবে।
সবশেষে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার প্রমাণিত ট্র্যাক রেকর্ড আছে। এখন দরকার আপনাদের দোয়া ও সমর্থন। ইনশাআল্লাহ জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং হাত-পাখা মার্কায় ভোট দেবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672