
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে আটককৃতদের কাছ থেকে নগদ অর্থ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও বিভিন্ন অপরাধসংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাউফল আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পঞ্চায়েত এলাকার একটি বাড়ি থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— পঞ্চায়েত গ্রামের মো. রিপন খাঁ (৩৫) ও তার স্ত্রী মোছা. মিনারা বেগম (৩৩)।
এ সময় তাদের হেফাজত থেকে নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার ১০ প্যাকেট সরঞ্জাম এবং গাঁজা পরিমাপের একটি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়।
সেনা সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানের পর আটককৃত দুইজন এবং উদ্ধারকৃত সকল আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে সেনাবাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।