
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দুই ব্যক্তিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
রাজশাহী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠান মোহনপুর উপজেলার আতনারায়ণপুর গ্রামের বাসিন্দা, মোহনপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আসগর আলী সাগর।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অভিযুক্তরা তাদের ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে “ছাপড়ী ও ভিক্ষা করে খাওয়া লাগে”—এমন চরম মানহানিকর, অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে, যা দ্রুত ভাইরাল হয়। এর ফলে শুধু মোহনপুরের সাংবাদিকরাই নন, বরং সারাদেশের সাংবাদিক সমাজ চরমভাবে অপমানিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
নোটিশে আরও বলা হয়, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা, যা রাষ্ট্র ও সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। এ পেশার মানুষদের নিয়ে এ ধরনের অশালীন মন্তব্য কেবল নৈতিকতাবিরোধীই নয়, বরং এটি কোটি টাকার মানহানির শামিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আচরণ সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বলেও উল্লেখ করা হয়।
লিগ্যাল নোটিশের মাধ্যমে অভিযুক্তদেরকে আগামী ১০ (দশ) দিনের মধ্যে মোহনপুরের সাংবাদিক মোঃ আসগর আলী সাগরসহ সারা দেশের সাংবাদিক সমাজের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে।
নোটিশে কঠোরভাবে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে ক্ষমা প্রার্থনা না করলে অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যার সম্পূর্ণ দায়ভার অভিযুক্তদেরই বহন করতে হবে।
এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য লিগ্যাল নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট আইনজীবীর কার্যালয়ে সংরক্ষিত রয়েছে বলেও জানানো হয়েছে।
স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ, হেয়প্রতিপন্ন ও উসকানিমূলক আচরণে লিপ্ত হচ্ছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা না হলে এ ধরনের অপসংস্কৃতি আরও বাড়বে। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিক সমাজের প্রতি এ ধরনের অবমাননা ও আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের সম্মান রক্ষায় কোনো আপস করা হবে না।