
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আবুল কালাম আজাদ–এর সঙ্গে।
সাক্ষাৎকালে রাজশাহী–৩ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, কৃষি উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে পবা ও মোহনপুর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন, সেচব্যবস্থা আধুনিকীকরণ এবং নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন বলেন, “রাজশাহী–৩ আসনের মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়ে নির্বাচিত করেছেন, তা বাস্তব উন্নয়নের মাধ্যমে প্রতিদান দিতে চাই। পবা–মোহনপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ মডেল আসনে রূপান্তর করাই আমার অঙ্গীকার।”
আবুল কালাম আজাদও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিলে এলাকায় ইতিবাচক পরিবর্তন সম্ভব।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সুধীজনরা এই মতবিনিময়কে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, সমন্বিত পরিকল্পনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রাজশাহী–৩ আসনের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।