
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে এ্যাডভোকেট দীপেন দেওয়ানের ঐতিহাসিক বিজয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে বিলাইছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় প্রধানের কঠোর নির্দেশনা ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে গতকাল উপজেলার ইউনিয়নগুলোতে কোনো ধরনের বিজয় মিছিল বা শোডাউন ছাড়াই অত্যন্ত অনাড়ম্বর ও শান্তিপূর্ণভাবে এই বিশাল সাফল্য উদযাপন করা হয়।
বিজয় উদ্যাপনের এই ঘরোয়া পরিবেশে স্থানীয় নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা অতীতের সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে বিলাইছড়ির সকল স্তরের মানুষকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।