
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩:১৫ ঘটিকায় ঘাটাইল পৌরসভা বাজারে এই মনিটরিং কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশের একটি চৌকস দল।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু দোকানে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ০১ জন ব্যবসায়ীকে ০১টি মামলায় ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। সেই সাথে প্রত্যেক দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।