
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহী, ২০ ফেব্রুয়ারি: প্রশাসনে শুদ্ধাচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এমপি।
শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউস–এর সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
“আমরা সহকর্মী, কেউ কারও বস নই”
মন্ত্রী বলেন, “আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত—সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।” দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
সেবামুখী প্রশাসনের ওপর জোর
জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও কার্যকর সেবা নিশ্চিতের আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, “জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও সময়োপযোগী সেবা প্রত্যাশা করে। সেই আস্থা ধরে রাখতে হবে।” প্রশাসনিক কার্যক্রম সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালনার নির্দেশ দেন তিনি।
রমজান ঘিরে বিশেষ প্রস্তুতি ও মাদকবিরোধী কঠোর অবস্থান
রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বাজার তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসেবামূলক কার্যক্রমে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
৩১ দফা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ
মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রশাসনের সব স্তরে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের সব দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও উল্লেখ করেন। উন্নয়ন ত্বরান্বিত করতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং মোসাদ্দেক হোসেন বুলবুল।
মতবিনিময় সভায় কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, সমন্বয় ও জবাবদিহিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।