
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা সশরীরে পরিদর্শন করেছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কনফারেন্স রুম ও মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি খুদে শিক্ষার্থীদের নিপুণ হাতে আঁকা ভাষা আন্দোলনের স্মৃতি ও শহিদ মিনারের চিত্র দেখে মুগ্ধতা প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা তাদের রং-তুলির আঁচড়ে ৫২-এর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
পরিদর্শনকালে ইউএনও হাসনাত জাহান খানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম আজম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া এবং বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি। এছাড়াও কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলত নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়।