
রাহাত শরীফ, গোপালপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকা ও ধোপাকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ডিমের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় চরম সংকটে পড়েছেন লেয়ার পোল্ট্রি খামারিরা। দীর্ঘদিন ধরে উৎপাদন খরচের তুলনায় ডিমের বাজারমূল্য কম থাকায় অনেকেই লোকসানের মুখে পড়ছেন। কেউ কেউ বাধ্য হয়ে পেশা ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
উপজেলার বড়মা এলাকার খামারি মোঃ ইয়াসিন আরাফাত জানান, তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১২ লাখ টাকা ঋণ নিয়ে লেয়ার খামার গড়ে তুলেছিলেন। কিন্তু টানা লোকসানের কারণে ইতোমধ্যে তার দুটি খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ডিমের দাম কম। উৎপাদন খরচই উঠছে না। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
স্থানীয় আরেক খামারি মোঃ হাবিব মিয়া বলেন, “আমি নতুনভাবে এ পেশায় এসেছি। কিন্তু প্রতিদিন ২ থেকে ৩ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। মাস শেষে এই লোকসানের পরিমাণ ৯০ হাজার থেকে ১ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। এভাবে চললে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”
খামারিরা জানান, শুধু ডিমের দাম কম নয়—পাশাপাশি পোল্ট্রি ফিডের দামও বেশি। এতে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। প্রান্তিক খামারিদের দাবি, সরকার যদি ডিমের একটি নির্ধারিত ন্যূনতম মূল্য নির্ধারণ করে এবং ফিডের দাম কমানোর উদ্যোগ নেয়, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন।
এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। বর্তমান সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান তিনি।
বর্তমান পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গোপালপুরে লেয়ার শিল্প বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672