
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে চরভদ্রাসন বাজারে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। অভিযানে ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকশ দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ভেজাল কসমেটিকস উৎপাদন ও বিপণনের দায়ে মেসার্স সিনহা কসমেটিকসকে ৫০ হাজার টাকা এবং ভেজাল পণ্য ও শিশুখাদ্য বিক্রির অপরাধে সিরাজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাসান স্টোরকে ১ হাজার টাকা, লিটন স্টোরকে ২ হাজার টাকা এবং আমিন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আরও ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672