
সবুজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর বৈধ লাইসেন্স ছাড়াই মান্দা উপজেলায় দুটি ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে। এ অপরাধে মেসার্স ছবিরন ব্রিকসকে ১ লাখ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করে।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, “পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এসব ইটভাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সকলকে পরিবেশ আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672