
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁনঃ
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি একটি পোস্টে দাবি করেন যে, নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অ্যাডভোকেট শফিকুল হক মিলনের ছবি নামিয়ে সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ সুভনের ছবি টাঙানো হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ঘটনার প্রতিবাদে শনিবার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে স্থানীয়রা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে সাবেক কাউন্সিলর নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সুভন এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী বক্তারা বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, “ফেসবুকে যে তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে।”
সমাবেশ থেকে দ্রুত মিথ্যা প্রচার বন্ধ করা এবং গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত গিয়াস উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।