
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনজন প্রার্থীকে বিজয়ী করতে প্রায় ৯ লাখ টাকার লেনদেন করা হয়েছে এবং নির্বাচন আয়োজন না করে ‘সিলেকশন’ পদ্ধতিতে তাদের নির্বাচিত দেখানোর চেষ্টা করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ পুনরায় নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ম্যানেজিং কমিটির সদস্য পদে মোট ১০ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে তিনজনকে নির্বাচিত দেখাতে গোপনে অর্থ লেনদেনের মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হয়। অভিযোগ অনুযায়ী, নির্বাচন আয়োজন এড়াতে বাকি ছয়জন প্রার্থীকে প্রত্যেককে ১ লাখ টাকা করে দেওয়া হয়, যাতে তারা নির্বাচন না চেয়ে ‘সিলেকশন’ পদ্ধতিকে সমর্থন দেন।
তবে এ প্রক্রিয়ায় একজন প্রার্থী আব্দুস সাত্তার বাবু (গুঞ্জর) টাকা গ্রহণে অসম্মতি জানান এবং তিনি সরাসরি নির্বাচন আয়োজনের দাবি তোলেন। তার এ অবস্থানের কারণে বিষয়টি ধীরে ধীরে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরে বিষয়টি গণমাধ্যমের নজরে এলে পুরো ঘটনাটি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
এদিকে অভিযোগটি গণমাধ্যমে প্রকাশ পেতে শুরু করলে কলেজ কর্তৃপক্ষের ওপর চাপ বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সিলেকশন পদ্ধতি বাতিল করে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, টাকা-পয়সার লেনদেনের বিষয়টি কলেজের বাইরে হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। সিলেকশনের বিষয়টি বাদ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ঘটনার পর স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে এ ধরনের অর্থ লেনদেনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং শিক্ষাঙ্গনের সুশাসনের জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, পুনঃনির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠিত হবে।