
বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে মো. আলমগীর ভূইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকেরের ডাঙ্গী গ্রামে এই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলমগীর ভূইয়া সরকারি নিয়ম অমান্য করে অন্যের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে উক্ত অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।