
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল পৌরসভার প্রকৌশলী মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ভবন নির্মাণের নকশা আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম ২০০১ সালে চাকরিতে যোগদান করেন। চাকরির প্রায় ২৫ বছরের মধ্যে প্রায় ১৮ বছরই তিনি বাউফল পৌরসভায় কর্মরত রয়েছেন। পৌরসভার ভবন নির্মাণের নকশা অনুমোদনের দায়িত্ব তার হাতে থাকলেও অভিযোগ রয়েছে—বাহিরের কোনো স্থপতি বা প্রকৌশলীর করা নকশা সহজে অনুমোদন করা হয় না।
নিয়ম অনুযায়ী বিল্ডিং প্ল্যান অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে পৌরসভার কর্মকর্তারা সরাসরি জড়িত থাকতে পারেন না। কিন্তু অভিযোগ রয়েছে, ইঞ্জিনিয়ার আতিকুল ইসলামের মাধ্যমেই নকশা পাশ করাতে গ্রাহকদের বাধ্য করা হয়। অন্যথায় ভবনের নকশা অনুমোদন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এমনকি তার মাধ্যমে নকশা করালে অতিরিক্ত অর্থ গুনতে হয় বলেও অভিযোগ রয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের জন্য আবেদন ফি ১ হাজার টাকা। ৫০০ বর্গফিটের একটি একতলা ভবনের জন্য ২ হাজার টাকা এবং অতিরিক্ত প্রতি বর্গফিটের জন্য ২ টাকা হারে ফি নির্ধারিত। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত ফি’র তুলনায় অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে।
পৌরসভার নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস অন্তর বিল্ডিং প্ল্যানিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের আগে একটি সভাও হয়নি বলে অভিযোগ উঠেছে। এরপর দেড় বছরে মাত্র দুইটি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বর্তমানে বিভিন্ন কারণে প্রায় ২৫ থেকে ৩০টি নকশা পৌরসভায় ঝুলে আছে। অভিযোগ রয়েছে, এসব নকশা অনুমোদনের ক্ষেত্রে নানা অজুহাতে বিলম্ব করা হচ্ছে।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী, যে প্রকৌশলী নকশা ডিজাইন করবেন, তাকেই নির্মাণস্থল তদারকি করতে হবে এবং এ বিষয়ে অঙ্গীকারনামা দিতে হবে। কিন্তু কাগজে-কলমে নাম থাকলেও সংশ্লিষ্ট অনেক প্রকৌশলী কখনোই বাউফল উপজেলায় আসেননি বলে জানা গেছে।
মুঠোফোনে প্রকৌশলী মো. ফয়েজউল্লাহ জানান, ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম তাকে দিয়ে নকশার কাজ করিয়ে থাকেন। তবে তিনি কখনো বাউফলে গিয়ে কাজের তদারকি করেননি।
অপর এক প্রকৌশলী নাঈম বলেন, তিনি আগে ইঞ্জিনিয়ার আতিকের সঙ্গে কাজ করতেন। বর্তমানে তিনি ভান্ডারিয়া পৌরসভায় কর্মরত রয়েছেন এবং বাউফলে এসে কোনো কাজ তদারকি করেননি।
পটুয়াখালীর প্রকৌশলী সঞ্জয় জানান, তাকে দিয়ে নামমাত্র পারিশ্রমিকে নকশার ডিজাইন করানো হতো।
বাউফলভিত্তিক স্থপতি মো. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ইঞ্জিনিয়ার আতিকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য। বাহিরের প্রকৌশলীদের করা নকশা অনুমোদন দেওয়া হয় না। এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল।
ভুক্তভোগীদের অভিযোগ, ১নং ওয়ার্ডের বাসিন্দা আল আমিন জানান, তিনি ২০২৪ সালের ৫ আগস্টের প্রায় তিন মাস আগে প্ল্যান অনুমোদনের জন্য আবেদন করেন। এখন পর্যন্ত অনুমোদন পাননি এবং বিভিন্ন ধাপে তার কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকার বেশি নেওয়া হয়েছে।
৯নং ওয়ার্ডের বাসিন্দা সোহাগ জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে প্ল্যান অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও এখনো অনুমোদন পাননি। তার কাছ থেকেও প্রায় ২৬ থেকে ২৮ হাজার টাকা নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ৮নং ওয়ার্ডের এক সরকারি কর্মকর্তা জানান, নকশা অনুমোদনের জন্য তার কাছ থেকেও প্রায় ২৩ হাজার টাকা নেওয়া হয়েছে, কিন্তু এক বছরেও অনুমোদন মেলেনি।
২নং ওয়ার্ডের বাসিন্দা তাসলিমা বেগম বলেন, বাহিরের একজন প্রকৌশলী দিয়ে নকশা করিয়েছেন, কিন্তু ছয় মাসেও অনুমোদন পাননি। ফলে নির্মাণকাজ শুরু করতে না পারায় আনা মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
৮নং ওয়ার্ডের মহিলা কলেজ রোডের বাসিন্দা মো. ফয়সাল জানান, ২০২২ সালের অক্টোবর মাসে বিল্ডিং প্ল্যান ও সয়েল টেস্টের কথা বলে তার কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে, কিন্তু এখনো প্ল্যান অনুমোদন হয়নি। সম্প্রতি আবার নতুন করে টাকা দাবি করা হয়েছে।
২নং ওয়ার্ডের বাসিন্দা মো. আনিক জানান, নিজের সম্পত্তিতে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য নকশা অনুমোদনের কথা বলে তার কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়া হয়েছে। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অনুমোদন মেলেনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রকৌশলী মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই। এমনকি জানুয়ারি পর্যন্ত কোনো প্ল্যান পেন্ডিং নেই। আমি ব্যক্তিগতভাবে কোনো প্ল্যানের সঙ্গে জড়িতও নই।”
এ বিষয়ে ডেপুটি ডিরেক্টর অব লোকাল গভর্নমেন্ট (ডিডিএলজি) জুয়েল রানা বলেন, “পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত করা হবে। এর আগে তদন্ত করে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, একজন কর্মকর্তা দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত থাকতে পারবেন কি না—এ বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672