
সবুজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বাদমালঞ্চি এলাকায় অবস্থিত মেসার্স দেশ ব্রিকস-কে ৩ লাখ টাকা, ভাতকুন্ডু এলাকায় অবস্থিত মেসার্স আঁখি ব্রিকস-কে ৪ লাখ টাকা এবং চকসিতা এলাকায় অবস্থিত মেসার্স তিন ভাই ব্রিকস-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।
অভিযান সম্পর্কে সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, “পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এসব অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশ সুরক্ষায় আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি। যারা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে মোবাইল কোর্টে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটেলিয়ান আনসার, নওগাঁ-এর একটি চৌকস দল দায়িত্ব পালন করে। স্থানীয় সচেতন মহল বলছেন, অবৈধ ইটভাটার কারণে কৃষিজমি নষ্ট হওয়া, বায়ু দূষণ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।