
মোঃ নুরুল ইসলাম বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাদক ও সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত রব বেপারীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী নতুন দোকান এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন দীর্ঘদিন ধরে রব বেপারী ও তার সহযোগীরা এলাকায় মাদক, চাঁদাবাজি, মাস্তানি, মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে হুমকি-ধামকি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মোল্লা, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী এবং মুসলেম মোল্লা। বক্তারা বলেন রব বেপারীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার কারণে এলাকায় মাদকের বিস্তার ঘটছে এবং যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। প্রতিবাদ করলে অস্ত্রের ভয় দেখানো হয়। এছাড়া পদ্মা নদীতে জেলেদের কাছ থেকেও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হয়।
বক্তারা আরও বলেন রব বেপারী ও তার সহযোগীদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে বা বিচার চাইলে তার ওপর নির্যাতন নেমে আসে। প্রাণের ভয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
এলাকাবাসী জানান কিছুদিন আগে রব বেপারীর বাড়িতে গাঁজা চাষের খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে জামিনে মুক্ত হয়ে এসে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তারা।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রব বেপারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কিছুদিন আগে প্রশাসন মাদক ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি মিটিং করে। উক্ত মিটিংয়ে মাদক ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করতে বলা হয়। পুলিশ মাঝেমাঝে টহলে আসলে দূর থেকে সাইলেন্ট বাজিয়ে আসে এতে সন্ত্রাসীরা গা ঢাকা দিতে সুযোগ পায়। এলাকাবাসীর দাবি প্রশাসন যেন সাইলেন না বাজিয়ে নিরবে আসেন তাহলে তারা অপরাধীদের দেখতে ও ধরতে পারবেন।
এ বিষয়ে ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন মানববন্ধনের বিষয়টি আমি অবগত আছি। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন মানববন্ধনের বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।