
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতার স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
দিবসের দ্বিতীয় পর্বে সোনারগাঁ স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে তোপধ্বনি, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজন ঘিরে পুরো সোনারগাঁ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।