
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধিঃ
চর ভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সকল মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে বিশেষ সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়, এতে সভাপতিত্ব করেন চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার জনাব যায়েদ হোসাইন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফখরুদ্দিন মাস্টার, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক। মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ ইদ্রিস আলী, শাহজাহান খান সহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দ।
এ উপলক্ষে চর ভদ্রাসন সরকারি কলেজ মাঠ সেজেছিলো বর্নাঢ্য সাজে।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের পাশাপাশি ছিল বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আনছার ভিডিপি, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের দৃষ্টি নন্দন কসরত।এটি উপভোগ করতে দর্শকদের ছিল উপচে পড়া ভীড়।