
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ। স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য কিছুতেই কমছে না বলে অভিযোগ করেছেন অসংখ্য মানুষ। ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লায় দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নিচ্ছেন সিএনজি ড্রাইভাররা। ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু সিএনজি ড্রাইভার কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া অথবা ব্রাহ্মণপাড়া থেকে চান্দলা,মিরপুরের ভাড়া দ্বিগুন থেকে তিনগুণ পর্যন্ত গুনতে হচ্ছে। এখন নির্ধারিত ভাড়ায় কোন সিএনজি চলেনা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার নিধারিত ভাড়া ৫০ টাকা এবং চান্দলা ২০ টাকা এবং মিরপুর ৪০ টাকা। কিন্তু ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা মুখী অধিক যাত্রী থাকায় এরই সুযোগে অসাধু সিএনজি ড্রাইভাররা তারা তাদের ইচ্ছামত দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া বাড়িয়ে নিচ্ছে। যাত্রীদের মধ্যে কেউ প্রতিবাদ করলে তাদেরকে কোন সিএনজি নিচ্ছেনা। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের যেতে হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্বপরিবারে যারা কুমিল্লা যাচ্ছেন। কয়েকদিনের গরমে শিশু এবং মহিলারা রাস্তায় দাড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে যাওয়া ছাড়া তাদের কোন উপায় থাকেনা।
সপরিবারে কুমিল্লা যাওয়া যাত্রী রমজান মিয়া বলেন, বউ বাচ্চা নিয়ে বাধ্য হয়ে রিজার্ভ ৫০০ টাকা দিয়ে যাচ্ছি। রাস্তায় দাড়িয়ে থেকে কি করবো, শেষ পর্যন্ত এটাকা দিয়ে যেতে হবে।এ ব্যাপারে সিএনজি ড্রাইভার গিয়াস ভুইয়া বলেন সবাই ভাড়া বাড়িয়ে নিচ্ছে আমি কি করবো তাই আমিও নিচ্ছি।চান্দলা গ্রামের সিএনজি চালক শাহাজাহান বলেন, আমি ব্রাহ্মণপাড়া থেকে চান্দলা সিএনজি চালাই। আজকে ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার যাত্রী বেশি হওয়ায় এবং ভাড়া দ্বিগুণ হওয়ায় আমি কুমিল্লার যাত্রী বেশি নিচ্ছি।
এ ব্যাপারে পূর্ণমতি ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আলাউদ্দিন ভুইঁয়া জানান, ঈদের সময় হয়তো বাড়তি ভাড়া নিতে পারে। এখন অতিরিক্ত ভাড়া নেওয়াট অন্যায়। যারা অতিরিক্ত ভাড়া নেয় তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, আজও আমি অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে পাঁচটি সিএনজিকে আটক করে রেখেছি। যে সিএনজি ড্রাইভার অতিরিক্ত ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেশনে আমার লোকজন দেওয়া আছে তারা সার্বক্ষণিক দেখাশোনা করছে। অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধারা অব্যাহত থাকবে।