
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে “দুর্জয়” বেতাগীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, স্কাউটস ও গার্লস গাইডের সদস্যরা অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন আর রশীদ হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম নুরুল ইসলাম পান্নাসহ বীর মুক্তিযোদ্ধাগণ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
এদিকে, বিকেলে বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ (উপজেলা পরিষদ একাদশ বনাম পৌর একাদশ) আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ইউএনও শিশু পার্ক সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সার্বিকভাবে বেতাগীতে মহান স্বাধীনতা দিবসের প্রতিটি আয়োজন ছিল উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।