
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জামায়াতের মিছিলের পর রাতেই পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপি, এতে পুরো পৌরশহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়েকশ নেতাকর্মী পৌরশহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা দেখা যায় এবং তাদের স্লোগান ছিল বেশ আক্রমণাত্মক। স্থানীয় বিএনপির কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে বাউফল পৌর শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
জাতীয় পতাকা হাতে মিছিল প্রসঙ্গে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খালেদুর রহমান বলেন, “দেশের সব মানুষ সব আইন সম্পর্কে অবগত নয়। প্রশাসন যদি মনে করে এভাবে মিছিল করা ঠিক নয়, তাহলে আমরা তা থেকে বিরত থাকব।”
অন্যদিকে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “জামায়াত-শিবির জাতীয় পতাকা ব্যবহার করে উসকানিমূলক মিছিল করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর আগে ২৬ মার্চ বাউফল পাবলিক মাঠে বসার স্থান নিয়ে বিরোধে আমাদের তিনজন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘর্ষ না ঘটে, সে জন্য শহরে টহল জোরদার করা হয়েছে।”
সবশেষ খবর পাওয়া পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে বাউফল পৌরশহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে।