
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আসন্ন পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ প্রতি মণ ১ লাখ ৭০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসাবে মাছটির খুচরা মূল্য দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ হাজার টাকা
পাথরঘাটা বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় এবং পহেলা বৈশাখকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি নিয়ে আসা হলে খোলা ডাকে অংশ নেন একাধিক পাইকার ও ব্যবসায়ী।
শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিশ ব্যবসায়ী জাকির হোসেন মাছটি ক্রয় করেন।
মৎস্য বন্দর সূত্রে জানা যায়, বর্তমানে বাজারে বড় আকারের ইলিশের সরবরাহ অত্যন্ত কম। সাগরে মাছ ধরা কমে যাওয়ায় বড় ইলিশ এখন অনেকটাই দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। শনিবার সকালে বলেশ্বর নদীতে ধরা পড়া বড় আকারের এই ইলিশ মাছিটি আড়তে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
পাথরঘাটা মৎস্য বন্দরের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ খুবই কম। সাগরে মাছ ধরা পড়ছে না বললেই চলে। তার মধ্যে বৈশাখ কে সামনে থাকায় বড় ইলিশের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। এ কারণেই দাম এত বেশি।
তিনি আরও জানান, সরবরাহ কম থাকায় শুধু বড় ইলিশ নয়, ছোট আকারের জাটকা ইলিশও বর্তমানে প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।