
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে স্থানীয় দালালের মাধ্যমে সাগর পথে ইউরোপে পাড়ি জমাতে লিবিয়া গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে আটকা পড়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বিভিন্ন মাধ্যমের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ ফেইসবুকে তাদের এই মৃত্যুর সংবাদটি প্রচার হলে এলাকায় এবং নিহতদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ভূমধ্যসাগরে মারা যাওয়া ব্যক্তিরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের সমছুল মিয়ার ছেলে ইজাজুল (২২), দুলন মিয়ার ছেলে নাঈম আহমদ (২৪), রানীগঞ্জ ইউনিয়নের ঠিয়ারগাঁও গ্রামের আখলুছ মিয়ার ছেলে শায়েখ আহমদ ( ২২ ), ইছগাও গ্রামের বশির মিয়ার ছেলে আলী আহমদ (২৫), পাইলগাঁও ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৫)। নিহতের পারিবারিক সূত্র জানায়, গত রমজানে স্থানীয় দালালদের মাধ্যমে লিবিয়া যাওয়ার জন্য পাড়ি জমান এই ৫ যুবক। লিবিয়া থেকে প্রায় সপ্তাহ দিন আগে নৌকা যোগে গ্রীস যাওয়ার জন্য তারা পাড়ি দেন। এর পর থেকে তাদের পরিবারের সাথে আর কোন যোগাযোগ হয়নি। পরে সামাজিক মাধ্যম ফেইসবুক ও তাদের সাথে থাকা বেঁচে যাওয়া যুবকের ভিডিও বক্তব্যের মাধ্যমে জানাযায় ১৮জন নৌকাতেই মারা যান। এর পর তাদেরকে সাগরে ফেলে দেয়া হয়েছে।