
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে সোনারগাঁ থানার এসআই (নিরস্ত্র) মাছুম লাভলু সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, সোনারগাঁ থানাধীন মেঘনা ঘাট এলাকায় ফ্রেশ কোম্পানির ট্রান্সপোর্ট ওয়ার্কশপের ২ নম্বর গেইটের সামনে পাকা সড়কের ওপর থেকে এই মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার পরিমাণ ১ (এক) কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২০,০০০ টাকা।
আটককৃত ব্যক্তি মোঃ হেলাল শরীফ (২৯)। তার পিতা মোঃ মুকুল শরীফ ও মাতা হেলেনা বেগম। তার স্থায়ী ঠিকানা রাজবাড়ী সদর উপজেলার খান খানাপুর গ্রামে হলেও বর্তমানে সে সোনারগাঁ উপজেলার প্রতাপেরচর এলাকায় গফুর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশের ভাষ্যমতে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নজরদারিতে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।