
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আবারও সহিংসতার আগুন জ্বলে উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয় এক ভয়াবহ রণক্ষেত্রে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। দীর্ঘদিনের বিরোধের জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সংঘর্ষ চলাকালে হামলা, পাল্টা হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে। কয়েকটি বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা ঘরে আটকা পড়ে থাকেন চারদিকে ছড়িয়ে পড়ে ভীতি ও অনিশ্চয়তা।
আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে থমথমে পরিস্থিতি এখনো কাটেনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
একই এলাকায় বারবার সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান দাবি করেছেন। অবৈধ অস্ত্র উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি উঠেছে।
প্রশ্ন রয়ে গেছে কতবার রক্ত ঝরলে থামবে এই সহিংসতার চক্র?