
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ড। লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলায় মোঃ লিটন (৩১) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন রতনপুর গ্রামের ইনসানিয়া মডেল স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন সাইনবোর্ড এলাকার একটি পুরাতন গাড়ির দোকানে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল।
এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লিটনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং একপর্যায়ে তাকে বেধড়ক আঘাত করতে শুরু করে। একাধিক ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়, ফলে তিনি গুরুতরভাবে আহত হন।
স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বাদী হয়ে সোনারগাঁ থানায় ডন রাসেল কে প্রধান আসামি করে
মোট ৭ জনের নাম আসামী ১। ডন রাসেল (৪০), পিতা-অজ্ঞাত, সাং-পাঁচআনি, ২। সাকিব (২৩), পিতা-সালাম, সাং-হাবিবপুর কুলুপাড়া, ৩। ইমরান (২৩), পিতা-ইমতিয়াজ, সাং-পিরোজপুর, ৪। সাত ভাই জসিম (৩৫), পিতা-হাসান আলী, সাং-রতনপুর, ৬। ওয়াসিম (৪২), পিতা-হাসান আলী, সাং-রতনপুর, ৬। ওসমান (৩২), পিতা-হোসেন মিয়া, সাং-হাবিবপুর কুলুপাড়া, ৭। কাঠগুন্ডা জসিম (৪২), পিতা-মাহমুদ, সাং-রতনপুর, সর্ব থানা-সোনারগাঁ, অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।