
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তুলাবান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু জ্ঞান রঞ্জন চাকমা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিদায়ী ও নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়, যা পুরো আয়োজনকে আবেগঘন করে তোলে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু কালাধন চাকমা। সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম বিদায়ী পরীক্ষার্থী ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আপন চাকমা এবং কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন। এছাড়া সাবেক চেয়ারম্যান বাবু তন্টুমনি খীশা ও বাবু মানব জ্যোতি চাকমা, সমাজসেবক বাবু চিরণ জীব চাকমা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু পলাশ চাকমাসহ শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার সময় ধীরস্থির থেকে প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর দিতে হবে। তারা আরও বলেন, ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, যা পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বানও জানান বক্তারা।
আলোচনা পর্ব শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, যেখানে শিক্ষার্থীদের পরিবেশিত গান ও নৃত্য উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।