
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে স্কোপোলামিন (কথিত ‘শয়তানের নিশ্বাস’) ব্যবহার করে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মূল হোতা মাইনুল ইসলাম (৬০)-কে সোমবার দিবাগত গভীর রাতে দশমিনা উপজেলার বহরমপুর এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বাউফল বাজার এলাকায় এক নারীকে অচেতন করে তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে চক্রটি। পরে ভুক্তভোগী জ্ঞান ফিরে বাউফল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে থানার এসআই ইব্রাহিম তদন্ত শুরু করেন। বিভিন্ন তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে মাইনুল ইসলামের পরিচয় শনাক্ত করা হয়। পরে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাইনুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রাম থেকে একই চক্রের আরও তিন সদস্য—আবদুস সত্তার (৬৩), তার স্ত্রী হাসিনা (৫৫) এবং কাশেম (৪৫)-কে গ্রেপ্তার করে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক জানান, চক্রটি স্কোপোলামিন নামের একটি বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে মানুষের চেতনাশক্তি দুর্বল করে তাদের কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672