
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর পবা উপজেলায় আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উপস্থাপনাকে প্রশংসা করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা দেশের নিরাপত্তা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রযুক্তির ব্যবহার নিয়ে চিন্তা করছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি।
রোববার (১২ এপ্রিল) সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, পূর্বে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তুলনামূলক সাধারণ বিষয় উপস্থাপন করলেও এখন তারা বাস্তবমুখী সমস্যা, আধুনিক প্রযুক্তি এবং রাষ্ট্রীয় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।
স্বাধীনতার প্রায় ৫৫ বছর পূর্তির প্রাক্কালে এ ধরনের আয়োজন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। এমপি মিলন বলেন, শিক্ষার্থীরা এখন পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের নানা সমস্যা বিশ্লেষণ ও সমাধানের প্রচেষ্টা চালাচ্ছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, তাদের মেধা বিকাশের সক্ষমতা তুলনামূলক বেশি হওয়ায় নতুন প্রযুক্তি আয়ত্ত করা এবং উদ্ভাবনী কাজে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পায়, যা ভবিষ্যতে দক্ষ ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে সহায়ক হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উপস্থাপনায় প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এবং নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
দুইদিনব্যাপী এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এবং উদ্ভাবননির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672