
নাজমুল আদনান টাঙ্গাইল | ১২ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে। আজ (রোববার) দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি চৌকস দল সাগরদিঘী বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালীন জনৈক মোঃ সেলিম মিয়ার চায়ের দোকানের পেছনে খোলা জায়গায় প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ১১ জনকে আটক করা হয়।
ঘাটাইল থানা পুলিশ জানায়, এলাকায় জুয়া ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ অবস্থা: আটককৃত ১১ জন জুয়ারীকে আজ বিকেলেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।