
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী নার্গিস বেগম (৪০) উপজেলার ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা ও রাজ্জাক হাওলাদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে একই গ্রামের সোবহান হাওলাদারের ছেলে এবং সূর্যমনি ইউনিয়ন যুব জামাতের সেক্রেটারি আতিক নার্গিস বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকেন।
গত রোববার রাতে ইন্দ্রকুল গ্রামের একটি চায়ের দোকানে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত আতিক ক্ষিপ্ত হয়ে ওই নারীর ওপর চড়াও হন। ভুক্তভোগীর অভিযোগ, আতিক তাকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দেন এবং বুকের ওপর পা দিয়ে আঘাত করেন। মারধরের একপর্যায়ে তিনি তীব্র যন্ত্রণা ও ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান।
এসময় আতিক রাজনৈতিক প্রভাব খাটানোর হুমকি দিয়ে বলেন, তিনি জামায়াতের রাজনীতি করেন এবং তার নির্দেশে স্থানীয় সংসদ সদস্যও চলেন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভুক্তভোগীকে এলাকা ছাড়া করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরদিন সকালে স্থানীয়রা নার্গিস বেগমকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672