
কুড়িগ্রাম প্রতিনিধি:
রংপুরে উন্নত চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার একটি পরিবার চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিল। চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২), তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং সাইফুর রহমানের ছেলে লিমন (৩০)। নিহত লিমন মাইক্রোবাসটির চালক ছিলেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার সকালে নিহতদের মরদেহ গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে গভীর শোক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দুর্ঘটনাটি নাগেশ্বরী থানার আওতাধীন এলাকায় ঘটেছে। এ কারণে পরবর্তী আইনগত ব্যবস্থা নাগেশ্বরী থানা পুলিশ গ্রহণ করছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672