
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুইটি সাধারণ টয়লেট নির্মাণে প্রায় ২ কোটি টাকা ব্যয়ের নামফলক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটিকে ছাপাখানার ভুল বলে দাবি করেছেন, তবুও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বেঁধেছে।
উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে উপজেলা পরিষদের অর্থায়নে একটি মসজিদের জন্য দুইটি সাধারণ টয়লেট নির্মাণ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব প্যাকেজের আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের নামফলক স্থাপনের পরই চমকে ওঠেন এলাকাবাসী।
নামফলকে নির্মাণ ব্যয় উল্লেখ করা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৩ টাকা, যা দেখে শুরু হয় নানা হাস্যরসের পাশাপাশি তীব্র সমালোচনা। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এটি শুধুমাত্র ভুল নয়, বরং এর পেছনে বড় ধরনের অনিয়ম থাকতে পারে। তাদের প্রশ্ন—এত বড় অঙ্কের ভুল কি সংশ্লিষ্ট কারো নজরে পড়েনি?
এ বিষয়ে বরিশালের রায় রোডে অবস্থিত টি আর রাবার হাউজের স্বত্বাধিকারী রণজিৎ বলেন, “এটি অনিচ্ছাকৃত টাইপিং মিস্টেক ছাড়া আর কিছুই নয়। প্রকৃত ব্যয় ছিল প্রায় দুই লাখ টাকা। টাইপিংজনিত ভুলে বড় অঙ্কটি চলে এসেছে। আমরা এ জন্য দুঃখিত।”
বাউফল উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জানান, “ছাপাখানার ভুলে এটি প্রিন্ট হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তবে স্থানীয়দের দাবি, বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672