
মোঃ মামুন মিয়া, শেরপুর প্রতিনিধি
“ক্রীড়াই হোক তরুণ প্রজন্মের শক্তি, শৃঙ্খলা ও আগামীর প্রেরণা”— এই প্রত্যয়কে সামনে রেখে শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান।
রবিবার (১০ মে ২০২৬ খ্রি.) শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, শেরপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, শেরপুরের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র রাজনীতিবিদ ও জেলা বিএনপির সম্মানিত সদস্য সাইফুল ইসলাম স্বপন, শেরপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ভিপি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শিপন, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম গোল্ডেন,মোঃ জুলহাস উদ্দিন, শেরপুর ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য, শেরপুর জেলা জাসাসের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ,নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,
জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, ক্রীড়ামোদী দর্শক এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াড়রা।
দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার সমাপনী দিনে বালক ব্যাডমিন্টন, কাবাডি বালক-বালিকা এবং ফুটবল বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে ফুটবল ফাইনাল বিশেষ আকর্ষণে পরিণত হয়। প্রধান অতিথি ও সভাপতি মঞ্চে উপস্থিত থেকে খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
খেলার ফলাফল:
ফুটবল (বালক) বিভাগে শেরপুর পৌরসভা দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে নকলা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফুটবল (বালিকা) বিভাগে শেরপুর পৌরসভা দল নকলা উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জয় করে।
কাবাডি (বালক) বিভাগে শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন, নকলা উপজেলা দল রানার আপ হয়।
কাবাডি (বালিকা) বিভাগে শেরপুর সদর উপজেলা দল বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করে।
ব্যাডমিন্টন (বালক) বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নকলা উপজেলা দল চ্যাম্পিয়ন হয়, শেরপুর পৌরসভা রানার আপ হয়।
খেলা শেষে প্রধান অতিথি, সভাপতি ও অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত বালক-বালিকা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন। এ সময় স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাস, করতালি ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম বলেন,
“মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে ক্রীড়ার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন,
“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম অনুশীলন। জেলার প্রতিটি উপজেলা থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সুন্দর আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672