
ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া ছয়তলা ইস্টার্ন হাউজিং বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন গার্মেন্টস কর্মী, শিক্ষার্থী, দোকানদার ও সাধারণ পথচারীরা। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সরেজমিনে দেখা যায়, বটতলা থেকে নেক্সট কালেকশন গার্মেন্টস পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে হাঁটুসমান পানি জমে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, শুধু বৃষ্টির পানি নয়, আশপাশের বাড়িঘরের ব্যবহৃত ময়লা পানিও সড়কে ফেলা হচ্ছে। ফলে এলাকাজুড়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটিতে প্রতিদিন বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক যাতায়াত করেন। কিন্তু কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। এতে কর্মস্থলে যেতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শ্রমিকদের। পাশাপাশি হাসেন আলী স্কুলের শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে।
ব্যবসায়ীরা জানান, জলাবদ্ধতার কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমে গেছে। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে অনেকেই বাজারমুখী হচ্ছেন না। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন নোংরা পানির মধ্যে চলাচলের কারণে অনেকের পায়ে ঘা, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্য পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ভুক্তভোগীরা বলেন, বছরের পর বছর এ সমস্যা চললেও জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও স্থায়ী পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672