
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামের মৃত খালেক বেপারীর পুত্র সাহেব বেপারী নামের এক সৌদি আরব গমনেচ্ছু যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সদর ইউনিয়নের নয়াচর গ্রামের মোসলেম আকনের পুত্র শীর্ষ মাদক ব্যবসায়ী উজ্জ্বল আকন ও তার সহযোগীদের বিরুদ্ধে। হামলাই শেষ নয়, রক্তারক্তি অবস্থায় ভুক্তভোগীর সঙ্গে থাকা সৌদি আরব যাওয়ার জন্য জমানো নগদ ৩ লক্ষ টাকা, দুটি দামি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলও জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাহেব বেপারী সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে টাকা জমা দিতে নিজ বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে স্থানীয় শাহজাহান মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে তিনি অতর্কিত হামলার শিকার হন।
ঘটনার সূত্রপাত যেভাবে:
জানা গেছে, উক্ত ঘটনার ঠিক কিছুক্ষণ আগে মাদক সম্রাট উজ্জ্বলের দুই সহযোগীকে আটক করে সদরপুর থানা পুলিশ। কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জ্বল সন্দেহ করে যে, সাহেব বেপারীই পুলিশকে তথ্য দিয়ে তার সহযোগীদের ধরিয়ে দিয়েছেন। এই প্রতিহিংসা থেকে উজ্জ্বল আকন (৩০), তার সহযোগী ইকবাল আকন (২৮), আজিজুল আকন (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতির মতো দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়ে।
একপর্যায়ে উজ্জ্বল হত্যার উদ্দেশ্যে সাহেব বেপারীর মাথা লক্ষ্য করে ধারালো চাপাতি দিয়ে কোপ দেয়। কোপটি সরাসরি মাথার ওপর লাগলে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাহেব মাটিতে পড়ে যাওয়ার পর উজ্জ্বল ও তার দলবল সাহেবের কাছে থাকা নগদ ৩ লক্ষ টাকা, একটি আইফোন, একটি স্যামসাং ফোন এবং একটি 'এইচ হান্ড্রেড' মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
হাসপাতালে ভর্তি ও বর্তমান পরিস্থিতি:
সাহেব বেপারীর আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার মাথার ক্ষতস্থানে ৬টি সেলাই দিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
আহত সাহেব বেপারী ক্ষোভ প্রকাশ করে জানান, "উজ্জ্বল দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রামরাজত্ব কায়েম করেছে। তার এই অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুললে বা বাধা দিলে তাকে রাতের আধারে মারধর করা হয় এবং খুন-জখমের হুমকি দেওয়া হয়।" ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলার পরেও ক্ষান্ত হয়নি উজ্জ্বল। বর্তমানে বিভিন্ন মাধ্যমে সাহেব ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এলাকাবাসীর ক্ষোভ ও পুলিশ প্রশাসন:
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, উজ্জ্বলের সন্ত্রাসী ও মাদক নেটওয়ার্কের কারণে এলাকার সাধারণ মানুষ তটস্থ। তার ক্ষমতার দাপটের সামনে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। ক্ষুব্ধ এলাকাবাসী এই চিহ্নিত মাদক সম্রাটের কবল থেকে মুক্তি চান এবং তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আল মামুন শাহ জানান, "এই বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672