
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা প্রকাশ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রকাশের আগেই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম মিয়ার নেতৃত্বে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা ভোটার তালিকা প্রকাশের কাজ একটি সম্ভাব্য প্রার্থীর পক্ষ থেকে করা হয়েছে, যা নির্বাচন বিধি ও নিরপেক্ষতার পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী বাবু শেখ বলেন, “ভোটার তালিকা প্রকাশ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশনের আগেই আব্দুল হাকিম ভোটার তালিকা প্রকাশ করেছেন। এটি সম্পূর্ণ নির্বাচনবিরোধী কাজ। আমরা আশা করি নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের প্রধান ইসমাইল হোসেন লাভলু বলেন, “আমরা কোনো ভোটার তালিকা প্রকাশ করিনি। এটি অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া করেছেন। বিষয়টি জানার পর তাকে তালিকাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
নির্বাচন কমিশনের সদস্য সচিব খাইরুল বাসার সবুজও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, “আমরা কোনো ভোটার তালিকা প্রকাশ করিনি। কে বা কারা এটি করেছে, সে বিষয়ে আমি অবগত নই।”
এদিকে নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রকাশের এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশনের উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
তবে এ অভিযোগের বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672